ছয়বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়ীয়া আসনের ছয়বারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন (৮৮) মারা গেছেন। শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মরহুমের বড় ছেলে ইমদাদুল হক সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব মোসলেম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা ফুলবাড়ীয়াসহ ময়মনসিংহের রাজনৈতিক ও আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠ এবং বিকেল ৫টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা শেষে নিউগী কুশমাইল এলাকায় নিজ গ্রামস্থ বাড়িতে তাঁকে দাফন করা হবে। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: