ওসাসুনাকে হারিয়ে লিগ জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা
Led Bottom Ad

শিরোপার হাতছানি

ওসাসুনাকে হারিয়ে লিগ জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা

প্রথম ডেস্ক

০৩/০৫/২০২৬ ১২:২১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে বার্সেলোনা। শনিবার রাতে ওসাসুনার মাঠ এল সাদারে রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসের গোলে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে হানসি ফ্লিকের দল। ওসাসুনার হয়ে শেষ দিকে রুবেন গার্সিয়া একটি গোল শোধ করলেও কাতালানদের জয়রথ থামাতে পারেননি।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। আজ রোববার (৩ মে) রাতে এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যদি জয় পেতে ব্যর্থ হয়, তবে মাঠের লড়াই ছাড়াই লা লিগা চ্যাম্পিয়ন ঘোষিত হবে বার্সেলোনা। রিয়ালের হাতে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি থাকায় শিরোপা লড়াই টিকিয়ে রাখতে তাদের প্রতিটি ম্যাচেই জয় অনিবার্য।

ম্যাচটিতে চোটের কারণে গুরুত্বপূর্ণ দুই তারকা লামিন ইয়ামাল ও রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামে বার্সা। প্রথমার্ধে বার্সেলোনা বল দখলে এগিয়ে থাকলেও ওসাসুনার জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয়। উল্টো কাউন্টার আক্রমণে ওসাসুনার আনতে বুদিমির বেশ কয়েকবার বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে পরীক্ষায় ফেলেন। প্রথমার্ধ গোলশূন্য থাকায় ম্যাচটি ড্র হওয়ার শঙ্কা জেগেছিল।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ড, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফেরান তোরেসকে বদলি হিসেবে নামিয়ে চাল চালেন কোচ হানসি ফ্লিক। এই পরিবর্তনই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ৮১ মিনিটে র‍্যাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন লেভানডফস্কি। এরপর ফেরমিন লোপেসের পাসে গোল করে ব্যবধান ২-০ করেন ফেরান তোরেস। শেষ দিকে রুবেন গার্সিয়ার গোল ওসাসুনাকে আশা দেখালেও পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এখন পুরো ফুটবল বিশ্বের নজর রিয়াল মাদ্রিদ ও এসপানিওলের ম্যাচের দিকে, যা নির্ধারণ করে দিতে পারে লা লিগার নতুন রাজা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad