২০ হাজার পিস ইয়াবাসহ আর্মড পুলিশ সদস্য আটক
কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ সজীব বেপারী নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩০ বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক পুলিশ সদস্যকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি এপিবিএন-এর একজন সক্রিয় সদস্য এবং মাদক পাচারের উদ্দেশ্যেই এসব ইয়াবা বহন করছিলেন।
এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, কনস্টেবল সজীব বেপারী বৃহস্পতিবার ব্যক্তিগত ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। একজন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে তিনি কীভাবে এবং কার মাধ্যমে মাদক পাচারের সঙ্গে জড়িত হলেন, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ রহমান
মন্তব্য করুন: