সারের সঙ্গে চুক্তি বাতিল, তদন্তে পিসিবি
ডোপ টেস্টে পজিটিভ মোহাম্মদ নাওয়াজ
পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের ধাক্কা হয়ে এলো অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর। এই ঘটনার জেরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলার জন্য তাঁর প্রস্তাবিত চুক্তিটি বাতিল হয়ে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই এই তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত ও শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শুরু করেছে।
পিসিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নাওয়াজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি বোর্ডকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নেওয়া নমুনার সঙ্গে এই ফলাফল সম্পর্কিত। ওই বিশ্বকাপে পাকিস্তান সুপার এইট পর্ব থেকে বিদায় নিলেও নাওয়াজ দলের সবগুলো ম্যাচেই খেলেছিলেন। আসরে তিনি মোট ১৫ রান করেন ও ৭টি উইকেট শিকার করেন।
৩২ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য সারের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন। মাত্র দুই সপ্তাহ আগেই পিসিবি তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছিল। সারে ক্লাবও তাঁর যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি বাতিল করা হয়েছে। ফলে এই গ্রীষ্মে ইংলিশ কাউন্টি ক্রিকেটে তাঁর দেখা মিলছে না।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের হয়ে খেলা নাওয়াজের ক্যারিয়ার এখন বড় ধরনের ঝুঁকির মুখে। আইসিসি ও সারে ক্লাব এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও পিসিবি জানিয়েছে, বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটারের শাস্তির মেয়াদ কতদিন হয়, এখন সেটিই দেখার বিষয়।
এ রহমান
মন্তব্য করুন: