অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
ভেঙে দেওয়া হলো বিসিবি’র পরিচালনা পরিষদ
নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে ভেঙে দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক জরুরি সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। দেশসেরা ওপেনার তামিম ইকবালকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এনএসসি জানিয়েছে, ২০১৮ সালের আইনের ২৮ ধারা মোতাবেক বোর্ড ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নবগঠিত অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে গঠিত বিসিবির পর্ষদটি শুরু থেকেই বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের অভিযোগে অভিযুক্ত ছিল। অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ১১ সদস্যের এই অ্যাডহক কমিটিতে তামিম ইকবালের সাথে আরও রয়েছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং ব্যারিস্টার রাশনা ইমাম। দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নবনিযুক্ত সভাপতি তামিম ইকবালের বিসিবি কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। দেশের ক্রিকেটকে সংকটমুক্ত করতে এবং প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা। সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যেও তামিম ইকবালের নেতৃত্বে এই নতুন কমিটিকে নিয়ে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা দেখা দিয়েছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই হবে এই অ্যাডহক কমিটির প্রধান চ্যালেঞ্জ। বর্তমানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিসিবি চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: