মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে চারটি তেলবাহী কন্টেইনার ও একটি বগি উল্টে গেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আখাউড়া–সিলেট রেলপথের মনতলা ও শাহাপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার পর শাহাপুর স্টেশনের আগে লাইনচ্যুত হয়। এতে চারটি তেলবাহী কন্টেইনার ও একটি গার্ডরুম উল্টে পড়ে। দুর্ঘটনায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কন্টেইনার থেকে তেল ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজনকে ড্রাম ও বালতি নিয়ে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে দেখা যায়।
মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘প্রথম সিলেট’ কে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছালে উদ্ধারকাজ শুরু হবে। তবে উদ্ধারকারী ট্রেন কখন পৌঁছাবে কিংবা কাজ শেষ হতে কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ঘটনাস্থলে বিজিবির একাধিক টহলদল কাজ করছে। উদ্ধারকাজ ও রেল যোগাযোগ পুনঃস্থাপনে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করা হচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: