পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম
Led Bottom Ad

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

প্রথম ডেস্ক

২৪/০১/২০২৬ ১২:৪০:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ডামাডোলের মধ্যেই বড় ধরনের সংকটে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠায় বিসিবির পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানসহ সব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন মোখলেসুর রহমান শামীম।

​শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

​শামীম তার পোস্টে উল্লেখ করেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের একটি ‘নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য’ তদন্ত নিশ্চিত করতেই তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি লেখেন, "এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ। ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।" তিনি তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, "দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।"

​সম্প্রতি ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার এক অনুসন্ধানী প্রতিবেদনে মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। প্রতিবেদনে কিছু অডিও কল রেকর্ড প্রকাশ করা হয়, যেখানে টাকা লেনদেন এবং ম্যাচ পরিচালনার বিষয়ে কথোপকথন রয়েছে বলে দাবি করা হয়েছে।

​অভিযোগ অনুযায়ী, বিপিএলের সিলেট পর্বে ‘নোয়াখালী এক্সপ্রেস’ দলের ম্যাচের সময় সিলেটের নূরজাহান হোটেলে ফিক্সিং চক্রের সঙ্গে বৈঠক করতেন শামীম। সেখান থেকেই পরিকল্পনা ও অর্থ লেনদেনের বিষয়গুলো নিয়ন্ত্রিত হতো। এর আগে একই দলের সঙ্গে যুক্ত তৌহিদ হোসেন ও ইমরান হাসানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় তাদের দল থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি। তবে অভিযোগ উঠেছে, শামীম অন্য ব্যক্তিদের মাধ্যমে পর্দার আড়াল থেকে এই কার্যক্রম চালিয়ে গেছেন।

​সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন মোখলেছুর রহমান শামীম। পরবর্তীতে তাকে বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, এবারের বিপিএলে ‘নোয়াখালী এক্সপ্রেস’ চরম ব্যর্থতার পরিচয় দিয়ে লিগ পর্বের ষষ্ঠ স্থানে থেকে সবার আগে বিদায় নেয়।

​বিপিএলের ফাইনালের মতো বড় আয়োজনের মাঝে একজন প্রভাবশালী পরিচালকের এমন পদত্যাগ দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এখন সবার নজর বিসিবির পরবর্তী পদক্ষেপ এবং গঠিত হতে যাওয়া তদন্ত কমিটির দিকে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad