বেহেশত ও দোজখের টিকিট দেওয়ার দাবি শিরক: মৌলভীবাজারে তারেক রহমান
বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ—এ কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এসবের ‘টিকিট’ দেওয়ার দাবি করা শিরকের শামিল। নির্বাচন সামনে রেখে একটি দল ধর্মীয় আবেগ ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, যেটার মালিক আল্লাহ, সেটা দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। অথচ কিছু মানুষ বেহেশত ও দোজখের টিকিট দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের আগেই জনগণকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা বন্ধ হওয়া উচিত।
গত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, যারা আজ পালিয়ে গেছে, তারাই একসময় বাক্স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে মানুষকে জর্জরিত করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে নারীদের বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতেও ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানান তিনি।
ধানের শীষ প্রতীক বিজয়ী হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন। সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুর রহিম রিপন। বক্তব্য দেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌজ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতারা।
এর আগে মৌলভীবাজার–৪ আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
তাহির আহমদ
মন্তব্য করুন: