শ্রীমঙ্গলে রাইসমিলে বয়লার বিস্ফোরনে নিহত ১,আহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের কাজিরবাজার এলাকায় গ্র্যান্ড সুলতান ফাইভ স্টার হোটেলের মালিকানাধীন রশনি অটো রাইস মিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বয়লারের কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আছাদুল ইসলাম (৩৯)–কে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলায়। নিহতের মরদেহ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন রাব্বানী (২৫), তামিম (২৩) ও আব্দুল হাকিম (৩৫)। তাঁদের অবস্থার অবনতি হলে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: