দোয়ারাবাজারে আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দোহালিয়া ইউনিয়ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আয়োজিত আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে দোহালিয়া ইউনিয়ন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামে।
উপজেলার সকল ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদুর রহমান এরশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিহাব উদ্দিন শিহাব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মনির উদ্দীন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দলের প্রতিনিধি, টিম ম্যানেজার, খেলোয়াড়বৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
ফাইনাল ম্যাচ শেষে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় আয়োজক ও অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান।
আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে পুরো উপজেলায় ছিল উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এ রহমান
মন্তব্য করুন: