নিরাপত্তা শঙ্কায় ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বিসিবি
মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। একই সঙ্গে ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
রোববার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেই আইসিসিকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাই এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উঠে এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে ছাড়তে বাধ্য হওয়ার পর বিষয়টি নিয়ে ক্রীড়া অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
এ ঘটনায় শনিবার কড়া প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, “যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে পুরো দলই নিজেদের নিরাপদ মনে করতে পারে না।” তার এই অবস্থানের পরই বিসিবি আইসিসিকে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।
এর আগে শনিবার রাতেও মুস্তাফিজ ইস্যুতে বিসিবি পরিচালকদের মধ্যে বৈঠক হয়। তখন বেশির ভাগ পরিচালক কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার বিপক্ষে মত দিলেও সরকারের মনোভাব স্পষ্ট হওয়ার পর রোববার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় বোর্ড।
উল্লেখ্য, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের ম্যাচগুলো আগেই শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছে। এবার একই যুক্তিতে বাংলাদেশও তাদের ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।
এদিকে, বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে আইসিসিকে পাঠিয়েছে বিসিবি। লিটন দাসের নেতৃত্বে দলে সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। তবে বিপিএলে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের জন্য এখনো দলে জায়গা পাওয়ার সুযোগ খোলা রাখা হয়েছে। নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল ও আলিস ইসলামের মতো ক্রিকেটাররা বিবেচনায় থাকতে পারেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই দল পরিবর্তনের সুযোগ থাকবে বিসিবির হাতে।
এ রহমান
মন্তব্য করুন: