খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, মানসিক বিকাশেও ভূমিকা রাখে : তানভীর
Led Bottom Ad

খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, মানসিক বিকাশেও ভূমিকা রাখে : তানভীর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৭/১২/২০২৫ ২১:০৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক-এর পরিচালক ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব এবং সাবেক কূটনীতিক তানভীর আহমেদ তরফদার বলেছেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় ‘ফুটসাল ইনডোর স্টেডিয়াম’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর বাগান বাড়ি রেস্টুরেন্টের পাশে আধুনিক সুবিধাসম্পন্ন ‘ফুটসাল ইনডোর স্টেডিয়াম’ প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা করেন দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক-এর পরিচালক ও সাবেক কূটনীতিক তানভীর আহমেদ তরফদার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহরের দ্য নিউ লাইফ হসপিটাল ও হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক মো. সাইফুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ, রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মো. আবুল কাশেমসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলাররা।


এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার শমিত সোমের পরিবারের সদস্যরা এবং স্থানীয় ফুটবলার মনি, মিজান, সালেহ, সাজিম, অলক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী আব্দুল কুদ্দুস নিজামী।


সভাপতির বক্তব্যে ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত বলেন, “তরুণ ও যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফুটসাল ইনডোর স্টেডিয়াম শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকার তরুণদের জন্য খেলাধুলার একটি নিরাপদ ও প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad