মৌলভীবাজারে নাসের রহমানের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমানের গণসংযোগে হাট-বাজারে যেন নতুন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলজুড়ে তিনি সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
গণসংযোগ শুরু হতেই দোকানের বারান্দা, চায়ের দোকান, গলিপথ—সব জায়গায় উৎসুক মানুষের ভিড় ক্রমে বাড়তে থাকে। কেউ লিফলেট নিতে এগিয়ে আসছেন, কেউ হাত বাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আবার অনেকে থেমে নিজেদের এলাকার সমস্যার কথা শোনাচ্ছেন। মানুষের মুখে—“পরিবর্তন চাই”, “মৌলভীবাজারের উন্নয়ন ফিরিয়ে চাই”—এমন অনেক কথাই ভেসে আসছিল।
এই উচ্ছ্বাসের মাঝেই নাসের রহমান সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন তাদের জীবনযাপনের, তাদের আশা-আকাঙ্ক্ষার। তিনি আবেগ নিয়ে বলেন,-“মৌলভীবাজার বহু দিন উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা—সব সেক্টরেই মানুষ দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে।”
ধানের শীষে ভোট চেয়ে তিনি আরও বলেন—-“খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীককে বিজয়ী করা মানে উন্নয়নকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। মৌলভীবাজারের থেমে থাকা উন্নয়নকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রথম কাজ।”
তার গণসংযোগকে ঘিরে বাজারে একধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তরুণ থেকে প্রবীণ—অনেকে দলবেঁধে এগিয়ে এসে তার সঙ্গে কথা বলেন, এলাকার রাস্তা, ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবার দুরবস্থা—সব কথা অকপটে তুলে ধরেন। নাসের রহমানও মনোযোগ দিয়ে শোনেন, প্রতিশ্রুতি দেন, আশ্বস্ত করেন।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি বদরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
সারা বিকেলজুড়ে হাট-বাজারে যে উচ্ছ্বাস, আগ্রহ ও মানুষের উপস্থিতি দেখা গেছে—তা স্পষ্ট করে দেয়, মৌলভীবাজারে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আর সেই হাওয়ায় নাসের রহমানের গণসংযোগ যেন নতুন আলো, নতুন আশার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: