হাওরের মেঘডানা ছুঁয়ে দেশ সেরা সুনামগঞ্জের শুভমিতা
Led Bottom Ad

হাওরের মেঘডানা ছুঁয়ে দেশ সেরা সুনামগঞ্জের শুভমিতা

রোদ্দুর ‍রিফাত, নিজস্ব প্রতিবেদক

১৪/১১/২০২৫ ১২:১০:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওর যেন আজ একটু বেশি আলো ঝরায়। কারণ সেই হাওরেরই এক কন্যা—শুভমিতা তালুকদার, বিটিভির ঐতিহ্যবাহী শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’–এ ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। বৃহস্পতিবার শাপলা হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন তার হাতে তিন লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন, তখন যেন আনন্দে ভাসে সুনামগঞ্জের প্রতিটি ঘর।

পাইগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দম্পতির এই কন্যা সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। কিন্তু তার পরিচয় শুধু এতটুকু নয়—সে স্বপ্ন দেখে বাংলার গানকে হৃদয়ে বহন করার। বিটিভির সাক্ষাৎকারে তার সরল স্বীকারোক্তি—“দেশের সংস্কৃতি লালন করতে চাই; কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।” এই একটি বাক্যে যেন ধরা পড়ে তার শেষ না–হওয়া ভালোবাসা, তার নিরন্তর সাধনা।

গানের সুরে সুরে বড় হওয়া

মায়ের কাছ থেকেই তার সঙ্গীতজীবনের শুরু। এরপর সঙ্গীত গুরু সন্তোষ কুমার চন্দ তাকে ২০১৮ সাল থেকে শাস্ত্রীয়, রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের পথ ধরিয়ে দেন। ছোট্ট মেয়েটি তখন থেকেই সুরের সঙ্গে বন্ধুত্ব করে।

২০২২ সালে জাতীয় পর্যায়ে শাস্ত্রীয় সঙ্গীতে তৃতীয়, ২০২৩ সালে রবীন্দ্র সঙ্গীতে দ্বিতীয়—ধাপে ধাপে উঠে এসেছে আজকের এই শিখরে।

এ বছর নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বে রবীন্দ্র সঙ্গীতে প্রথম, নজরুল সঙ্গীতে দ্বিতীয়, এবং সর্বোচ্চ পয়েন্টে দেশসেরা চ্যাম্পিয়ন হয়ে তার নাম উচ্চারিত হলো দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক মঞ্চে।

জেলা জুড়ে আনন্দের ঢেউ

ফেসবুকে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের স্ট্যাটাস—“আমাদের অহংকার, আমাদের গৌরব।”

শুধু একটি লাইনেই ধরা পড়ে বিদ্যালয়ের গর্ব, শিক্ষকদের ভালোবাসা, সহপাঠীদের আকাশছোঁয়া উচ্ছ্বাস।


প্রধান শিক্ষক নাসিমা রহমান বলেন, “শুভমিতা আমাদের সম্মান বাড়িয়েছে। আমরা তাকে সংবর্ধনা দেবো।”

সেই গর্বের মুহূর্ত যেন অপেক্ষায় আছে পুরো জেলার।


হাওর থেকে রাজধানীর আলোয়

শুভমিতার শিকড় মধ্যনগর উপজেলার কুলুমা গ্রামে। কিন্তু তার সুর ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জ শহর থেকে রাজধানীর মঞ্চে। জেলা শিল্পকলা একাডেমিতে সে সাধারণ সঙ্গীতের শেষ বর্ষে। পাশাপাশি সিলেটের রবীন্দ্র বিশেষজ্ঞ অনিমেষ বিজয় চৌধুরীর কাছেও নিয়মিত তালিম নিয়েছে।


তার সঙ্গীত গুরু সন্তোষ কুমার চন্দ যখন বলেন, “সে একদিন আরও বড় শিল্পী হবে,” মনে হয়, এটি শুধু শিক্ষকের আশীর্বাদ নয়—এ যেন ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad