রাজনগরে পাচারের সময় ৪৫৮ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক
মৌলভীবাজারের রাজনগরে পাচারের অভিযোগে ৪৫৮ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক মো. কামাল উদ্দিনকে (৩৮) আটক করা হয়। বুধবার (১৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দবাটি এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের পাশে একটি পেট্রোল পাম্পের কাছ থেকে ট্রাকটি জব্দ করা হয়। সারগুলো ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগরের মুন্সিবাজার এলাকা থেকে ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক পাচারের উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছে এমন তথ্য পায় রাজনগর থানা পুলিশ। পরে থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দবাটি এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশ থেকে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাকটি আটক করে। জব্দ করা ট্রাকের নম্বর ঢাকা মেট্রো-ট ২৪-৪৭৩৮। এ সময় চালক কামাল উদ্দিনকেও আটক করা হয়। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেলামাড়ী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।তথ্য খুঁজুন
আটক চালক কামাল উদ্দিনের দাবি, রাজনগরের মুন্সিবাজার এলাকায় ছোট পিকআপ থেকে তাঁর ট্রাকে সারগুলো বোঝাই করে দেওয়া হয়। তবে এসব সারের মালিক কে, তা তিনি জানেন না। সার নিয়ে তিনি ময়মনসিংহের নান্দাইল এলাকায় যাচ্ছিলেন।
এ বিষয়ে রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, সারগুলো সম্ভবত চা-বাগানের। এ-সংক্রান্ত কাগজপত্র সংশ্লিষ্টদের কাছে রয়েছে। মুন্সিবাজারের সার ডিলার বাবলু তাঁকে ফোন করে জানিয়েছেন, এগুলো চা-বাগানের জন্য বরাদ্দ করা সার। তবে সার পাচারের বিষয়ে তিনি অবগত নন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সারগুলো অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছিল। এখন পর্যন্ত এসব সারের কোনো মালিক পাওয়া যায়নি। এ ঘটনায় রাজনগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, সার আটকের বিষয়টি রাজনগর থানার ওসি তাঁকে মুঠোফোনে জানিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা সারের বৈধতার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কাগজপত্র যাচাই-বাছাই করে সেগুলো সঠিক প্রমাণিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: