কমলগঞ্জে লকডাউনের প্রভাব নেই, বিকেলে বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যেও মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাভাবিক রয়েছে জনজীবন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। তবে কর্মসূচি ঘিরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা ও পৌর বিএনপি। মিছিলটি কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। ব্যবসায়ীরা নিয়মিত তাঁদের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে কার্যক্রম পরিচালনা করছেন। প্রয়োজনীয় কাজসহ দৈনন্দিন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন সাধারণ মানুষও। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত যানবাহন, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। কোথাও যানবাহন চলাচলে দৃশ্যমান কোনো বাধা চোখে পড়েনি।
লকডাউন কর্মসূচি ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। সড়কে পুলিশের টহল কিংবা বিশেষ নিরাপত্তাব্যবস্থাও চোখে পড়েনি।
এ কর্মসূচিকে কেন্দ্র করে কমলগঞ্জে এখন পর্যন্ত সংঘাত, বিশৃঙ্খলা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে দেশব্যাপী লকডাউনের ঘোষণা থাকলেও উপজেলার জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক।
অন্যদিকে, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি পালনের কথা রয়েছে। মিছিলটি কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে।
কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন জানিয়েছেন, বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: