মৌলভীবাজারে ব্যবসায়ীর উপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা!

মৌলভীবাজারে ব্যবসায়ীর উপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা!

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

১৮/১১/২০২৬ ১৯:০০:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে দোকান খুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফখরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। এ সময় হেলমেট দিয়ে আঘাত করে তার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। পাশাপাশি দোকানের নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বড়ধামাই গ্রামে ফখরুল ইসলামের বাড়িসংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে ব্যবসার উদ্দেশ্যে দোকান খোলেন ফখরুল ইসলাম। এ সময় ধামাই চা-বাগানের দিক থেকে আসা সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের বাবুল মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সুমন (৩৫) ও তার এক অজ্ঞাত সহযোগী দোকানে আসেন। সিগারেট কেনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে দোকানদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলমেট দিয়ে আঘাত করলে ফখরুল ইসলামের নাক ফেটে রক্তাক্ত জখম হয়। অভিযুক্ত সুমন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক।

হামলার পর দোকানের নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তারা পালিয়ে যান বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ফখরুল ইসলামকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে প্রাথমিকভাবে জানতে পারেন, ভোরে সিগারেট কিনতে আসা দুই যুবকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানের মালিক ফখরুল ইসলামকে হেলমেট দিয়ে আঘাত করা হয়। এতে তার নাক ফেটে রক্তাক্ত জখম হয়। পরে দোকানের মালামাল এলোমেলো করে ওই দুই যুবক পালিয়ে যান। বাদীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad