দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে যা জানালেন অভিনেত্রী

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে যা জানালেন অভিনেত্রী

প্রথম ডেস্ক

০৫/০৯/২০২৬ ১২:১৮:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে ঘটনাটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করে তিনি জানিয়েছেন, বাড়ি দখলের ঘটনা ঘটেছিল প্রায় দুই থেকে আড়াই দশক আগে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নিজের জমি ফিরে পেয়েছিলেন তিনি।

সম্প্রতি দিলারা জামানের একটি সাক্ষাৎকারের অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই সাক্ষাৎকারে নিজের জীবনের একটি ঘটনা তুলে ধরে তিনি বলেছিলেন, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন। পরে সেই দেনা পরিশোধের জন্য বাড়িটি ভাড়া দেন। কিন্তু ভাড়াটিয়ার কাছ থেকে ঠিকমতো ভাড়া না পাওয়ায় একপর্যায়ে বাড়িটি দখল হয়ে যায়। বর্তমানে ছোট্ট একটি ভাড়া বাসায় বসবাস করছেন বলেও ওই বক্তব্যে উল্লেখ করেছিলেন তিনি।

সাক্ষাৎকারের ওই অংশে ঘটনার পুরো বিষয়টি স্পষ্ট না হওয়ায় অনেকের মধ্যে ধারণা তৈরি হয়, সম্প্রতি কিংবা বর্তমানে দিলারা জামানের বাড়ি দখল হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্যও দেখা যায়।

তবে বিষয়টি পরিষ্কার করে দিলারা জামান সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি আসলে প্রায় ২০ থেকে ২৪ বছর আগের। ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমিতে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। একপর্যায়ে ওই বাড়ি দখলের ঘটনা ঘটে।

অভিনেত্রী জানান, জমির প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে সংরক্ষিত ছিল। ফলে আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নিয়ে মাত্র দুই মাসের মধ্যেই তিনি জমিটির দখল ফিরে পান।

পরবর্তীতে শ্যামলীর সেই জমি বিক্রি করে ২০০৮ সালে রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন দিলারা জামান। বর্তমানে সেখানেই নিজের ফ্ল্যাটে বসবাস করছেন তিনি।

দিলারা জামান আরও জানান, শ্যামলীর ওই জমিতে বর্তমানে একটি দশতলা অ্যাপার্টমেন্ট ভবন নির্মিত হয়েছে। পুরোনো সেই ঘটনা নিয়ে নতুন করে আলোচনা হলেও বর্তমানে তিনি ভালো আছেন এবং নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad