সাত কর্মদিবসের মধ্যে ওসমানী হাসপাতালে সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সাত কর্মদিবসের মধ্যে ওসমানী হাসপাতালে সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৯/২০২৬ ১৩:২৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারের উদ্যোগে পর্যাপ্ত টিকা আনা হয়েছে। ইতিমধ্যে রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব হাসপাতালে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গত ছয় মাসে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান বেড়েছে বলেও দাবি করেন তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও কর্মস্থলে দায়িত্ব পালন নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে। ওসমানী হাসপাতালের বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তা ছয় মাসের মধ্যে সমাধান করা হবে।’

সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগির চালু করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে বেলা ১১টার দিকে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শনে যান।

এর আগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad