ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই গ্রামের দুই যুবকের মৃত্যু
সিলেটের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই গ্রামের দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোয়ালাবাজারের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বড় ইসবপুর গ্রামের আরশ আলী (২৮) ও নাজমুল হোসেন (২৭)। তারা উমরপুর ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা।
আরশ আলীর পিতা হলেন আব্দুল গনি, যিনি বর্তমানে উমরপুর বাজারের সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। নিহত নাজমুল হোসেন বড় ইসবপুর গ্রামের আব্দুল করিম মিয়ার তিন নম্বর ছেলে এবং প্রায় এক বছর আগে বিয়ে করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
তাদের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দ্রুতগতির বাস ও বেপরোয়া চালনাকে দায়ী করে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: