হবিগঞ্জে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কলম চাঁন হত্যা মামলার ইমন মিয়া (২৭) নামের এজাহারভুক্ত এক আসামিকে র্যাব- ৯ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
আজ রোরবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। গ্রেফতার ইমন মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকাল ৫টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র্যাব-১, সদর কোম্পানী, ঢাকা শেরেবাংলা থানাধীন এলাকায় অভিযান চালায়। অভিযানে শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের কলম চাঁন' হত্যা মামলার এজাহারনামীয় ০২নং পলাতক আসামি ইমন মিয়াকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে র্যাব জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের কলম চাঁনের সাথে বসত বাড়ির জমি নিয়ে প্রতিবেশী ফারুক মিয়ার পরিবারের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আদালতে মামলাও দায়ের করা হয়। গত ২৭ জুন বিকেলে নিহত কলম চাঁনের নাতনি কেয়া আক্তার থালা বাসন পরিষ্কার করার সময় ময়লা পানি বিরোধীয় জমিতে চলে যায়। এনিয়ে ফারুক মিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় কলম চাঁন তার নাতনিকে গালিগালাজ করতে ফারুক মিয়াকে নিষেধ করেন। এতে ফারুক মিয়া আরও উত্তেজিত হয়ে পরিবারের লোকজনকে ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কলম চাঁনের উপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে কলম চাঁন গুরুতর আহত হয়। এ সময় তার ছেলে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কলম চাঁনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কলম চাঁনের ছেলে বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার, অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন - এ ঘটনার পরই আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।গ্রেফতারকৃত আসামিকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, গত ৪ জুলাই এই মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯।
ফয়সল চৌধুরী / ডিডি
মন্তব্য করুন: