দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে দুর্নীতি, ঘুষ ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এসব অপরাধে জড়িতদের শুধু বদলি করা হবে না, প্রয়োজনে সরাসরি চাকরিচ্যুত করা হবে। নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বদলির সংস্কৃতিতে তিনি বিশ্বাস করেন না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও ঘুষের কোনো সুযোগ রাখা হবে না। এসব অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে গড়ে তোলা হবে। সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোরও উন্নয়ন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা।
তিনি আরও বলেন, এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের নয়, এটি আদর্শভিত্তিক বাজেট। সেই আদর্শ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
নরসিংদী মেডিকেল কলেজ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে কলেজটির কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস হবে ২৫০ শয্যার জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন্য উপযুক্ত জায়গা চূড়ান্ত করার কাজ চলছে। স্থান নির্ধারণের পর দ্রুত নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে।
তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হবে, তার একটি নরসিংদীতে করার পরিকল্পনা রয়েছে। চেষ্টা থাকবে হাসপাতালটি শহরের আশপাশের এলাকায় স্থাপন করার।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরাও অংশ নেন।
সজল আহমেদ
মন্তব্য করুন: