ঘরোয়া আয়োজনে কাল বিয়ে করছেন বলিউড অভিনেতা আমির খান
আর মাত্র এক দিনের অপেক্ষা। আগামীকাল ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। তবে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, একেবারেই ঘরোয়া পরিবেশে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন এই যুগল। এটি আমির খানের তৃতীয় বিয়ে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমিরের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথি। আমন্ত্রিতদের তালিকায় মূলত রয়েছেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজন সহকর্মী। আমিরের ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং রাজকুমার হিরানি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরের সন্তানেরাও।
একটি সূত্র জানিয়েছে, অতিথির তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেনু, সবকিছুই নিজেরা পছন্দ করেছেন আমির ও গৌরী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা। আমির ও গৌরী দুজনেই নিজেদের প্রিয় খাবারগুলো মেনুতে রেখেছেন এবং খাবার তৈরির প্রস্তুতিও তাঁরা নিজেরা তদারকি করছেন।
গত বৃহস্পতিবার নতুন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিয়ের বিষয়টি নিয়ে মুখ খোলেন আমির খান। তিনি বলেন, "৫ জুলাই আমাদের বিয়ে। একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা খুব সীমিত পরিসরে উদ্যাপন করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমাদের নতুন পথচলা সুন্দর হয়।"
উল্লেখ্য, এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাঁদের দুই সন্তান জুনায়েদ ও ইরা খান। রীনার সঙ্গে বিচ্ছেদের পর চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের ঘরে রয়েছে ছেলে আজাদ রাও খান। কিরণের সঙ্গে বিচ্ছেদের পরও অবশ্য তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা। এবার গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি।
সজল আহমেদ
মন্তব্য করুন: