জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় বিবরণী ইসিতে জমা দিল জামায়াত
Led Bottom Ad

জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় বিবরণী ইসিতে জমা দিল জামায়াত

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ২০:৩৯:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ২২৫ প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ দলের সার্বিক খরচের হিসাব বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত নির্বাচনে জামায়াতের মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।

জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী ২২৫ জন প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে মোট ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই হিসেবে প্রতিটি প্রার্থী দল থেকে গড়ে প্রায় পৌনে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। এছাড়া নির্বাচনী ইশতেহারের ডিজাইন ও মুদ্রণ, দেশব্যাপী সংবাদ সম্মেলন আয়োজন, প্রচারসামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপনী প্রচারসহ বিভিন্ন খাতে বাকি অর্থ ব্যয় করা হয়েছে। খাতভিত্তিক হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা এবং জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা খরচ হয়েছে। এছাড়াও আবাসন, প্রশাসনিক ও স্টাফ ব্যয়সহ অন্যান্য আনুষঙ্গিক খাতে ব্যয়ের বিস্তারিত তথ্য কমিশনে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। জোটটি মোট ৭৭টি আসনে জয়ী হয়েছে, যার মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে তাদের দলীয় ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে রেকর্ড সৃষ্টি করেছে। নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যেই আইনি বাধ্যবাধকতা মেনে এই ব্যয় বিবরণী দাখিল করল দলটি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad