ইলিয়াসপত্নী লুনার শোক
বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাহিদ আলী আর নেই
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রতিষ্ঠাতা, জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোজাহিদ আলী আর নেই ।রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৮২) বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বর্ষিয়ান রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোজাহিদ আলী দুই দিন আগে অসুস্থ হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জানাইয়া গ্রামসহ বিশ্বনাথ উপজেলা এবং যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে বেদনার কালো ছায়া নেমে এসেছে।
ইলিয়াসপত্নী লুনার শোক
এদিকে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা। রোববার রাতে সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তাহসিনা রুশদী লুনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, “জনাব মোজাহিদ আলী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষানুরাগী, সমাজসেবক ও প্রবীণ অভিভাবক। বিশ্বনাথবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমরা একজন গুণী নেতাকে হারালাম, যা বিশ্বনাথ উপজেলা বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। তাঁর শোকাহত পরিবার যেন এ শোক সইবার শক্তি পান—সেই দোয়া করছি।”
এদিকে পৃথক বার্তায় গভীর শোক জানিয়ে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: