ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’ রয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যুদ্ধে ‘পূর্ণ বিজয়’ নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে আবারও বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারা বা এসকর্ট দেওয়ার কথা ভাবছেন তিনি। সোমবার (১১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ট্রাম্প অভিযোগ করেন, গত সপ্তাহে ওয়াশিংটনের দেওয়া সংঘাত নিরসন প্রস্তাবের বিপরীতে ইরান যে পাল্টা শর্ত দিয়েছে, তা অত্যন্ত ‘নাজুক’ ও অগ্রহণযোগ্য। ইরানের প্রস্তাবকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, "আমি যখন বলি যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে, তখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে ডাক্তার এসে বলছেন—আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ!" তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি মনে করে চাপের মুখে আমেরিকা পিছু হটবে, তবে তারা বড় ভুল করছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে সামরিক নিরাপত্তা পুনরায় শুরু করার বিষয়ে তিনি গুরুত্বের সাথে চিন্তাভাবনা করছেন।
উল্লেখ্য, গত ৬ মে উপসাগরীয় অঞ্চলে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ফ্রিডম’ শুরু করেছিল মার্কিন সেনাবাহিনী, যা আঞ্চলিক মিত্রদের বাধার মুখে দুই দিনের মাথায় স্থগিত করা হয়। তবে ট্রাম্প এখন বলছেন, তিনি ক্লান্ত বা বিরক্ত নন এবং একটি ‘পূর্ণ বিজয়’ অর্জন না করা পর্যন্ত থামবেন না। ইরানের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, সেখানে ‘নরমপন্থী’ ও ‘পাগল’—এই দুই ধারার সংঘাত চলছে। যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় তাদের সতর্ক করে ট্রাম্প বলেন, যদি সত্যিই বড় ধরনের যুদ্ধ বাধে, তবে মার্কিন সামরিক শক্তিতে তা হবে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের একটি লড়াই।
এ রহমান
মন্তব্য করুন: