নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’র ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের নির্বাচনী ইশতেহার পূর্ণাঙ্গ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের এখন ‘নতুন সংগ্রামে’ নামতে হবে।” তিনি উল্লেখ করেন যে, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি যুদ্ধ শেষ হয়েছে এবং এখন মানুষকে দেওয়া কথা রাখার আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে নেতাকর্মীদের ত্যাগের প্রশংসা করে বলেন, “নির্বাচনের আগে ইশতেহারটি ছিল দলের ম্যানিফেস্টো, কিন্তু সরকার গঠনের পর তা এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে; কারণ ৫২ শতাংশ ভোটার এই ইশতেহারের পক্ষেই রায় দিয়েছেন।” তিনি সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ শিক্ষার পরিবেশ এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই রুদ্ধদ্বার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
এ রহমান
মন্তব্য করুন: