ভিডিও বার্তায় মৌলভীবাজারের কনটেন্ট ক্রিয়েটর তাজ
“যাছিয়া হেংগা বইলে বিয়া করিলিমু’
“যাছিয়া হেংগা বইলে বিয়া করিলিমু”—আঞ্চলিক ভাষার এমন বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন মৌলভীবাজারের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশে এই মন্তব্য করেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কনটেন্ট তৈরির পাশাপাশি তাজুল ইসলাম তাজ মোস্তফাপুর ইউনিয়ন-এর দুইবারের চেয়ারম্যান এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ব্যক্তি হিসেবেও পরিচিত। এলাকাজুড়ে তিনি ‘গরীবের বন্ধু’ নামেও পরিচিতি পেয়েছেন।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিশ্বনাথ উপজেলা থেকে আসা এক অসহায় নারী তার কাছে সাহায্য চাইলে তিনি কিছু অর্থ সহায়তা দেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে কিছু নেটিজেন তার কর্মকাণ্ডের সমালোচনা করেন।
এর জবাবে পৃথক এক ভিডিও বার্তায় তাজুল ইসলাম তাজ বলেন, “আমি কারো খাই না, পড়ি না। আমি আমার মতো ভিডিও বানাবো। যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না তার দেখার দরকার নেই।”
তিনি আরও দাবি করেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং প্রতিবাদ করতে গিয়ে বহুবার জেলেও যেতে হয়েছে। তবুও অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি বলে উল্লেখ করেন তিনি।
ভিডিওর শেষাংশে ক্ষুব্ধ কণ্ঠে তাকে বলতে শোনা যায়, “যাছিয়া হেংগা বইলে বিয়া করিলিমু।” স্থানীয়দের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আলোচনা-সমালোচনা চলছে। কেউ তার বক্তব্যকে সাহসী অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া বলেও মন্তব্য করছেন।
ডি আর ডি
মন্তব্য করুন: