সন্ধান দিতে পুরস্কার ঘোষণা
জকিগঞ্জে গরু দানের নামে প্রতারণা, লাখ টাকা ও গরু নিয়ে উধাও ব্যক্তি
সওয়াবের আশায় মাদ্রাসায় গরু দান করার কথা বলে জকিগঞ্জে প্রায় সাড়ে তিন লাখ টাকা ও তিনটি গরু নিয়ে এক প্রতারক উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ এপ্রিল প্রতারক চক্রটি প্রথমে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করে মাদ্রাসায় গরু দানের আগ্রহ প্রকাশ করে। বিশ্বাস অর্জনের পর পরিকল্পিতভাবে তারা গরু কেনা ও পরিবহনের নামে নানা অজুহাতে অর্থ লেনদেন শুরু করে।
পরে জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও গরু বিক্রেতা হেলাল আহমদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার তিনটি গরু নেওয়া হয়। একই সময়ে মাওলানা আবুল কালাম আজাদের কাছ থেকে ৯০ হাজার টাকা এবং হাফিজ নুরুল ইসলামের কাছ থেকে আরও ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
সব মিলিয়ে সাড়ে তিন লাখ টাকার বেশি অর্থ ও তিনটি গরু নিয়ে প্রতারক চক্রটি এলাকা থেকে উধাও হয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
প্রতারণার শিকার হেলাল আহমদ ও মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “তার কথাবার্তা ও আচরণে কোনো সন্দেহ হয়নি। দানের কথা বলায় আমরা ভেবেছিলাম এটি ভালো কাজ। কিন্তু পরে বুঝতে পারি, সবই ছিল পরিকল্পিত প্রতারণা।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ভুক্তভোগীরা প্রতারকের সন্ধান পেলে তাকে ধরিয়ে দিতে সহযোগিতা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয়রা বলছেন, ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে কাজে লাগিয়ে এ ধরনের প্রতারণা সমাজে উদ্বেগ তৈরি করছে। তারা অপরিচিত ব্যক্তি বা দানের নামে যেকোনো আর্থিক লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: