সিলেটে সমাবেশ শুক্রবার,আছে শঙ্কা,আতঙ্ক
Led Bottom Ad

ব্যাপক প্রস্তুতি এনসিপির

সিলেটে সমাবেশ শুক্রবার,আছে শঙ্কা,আতঙ্ক

নীরব চাকলাদার

২৩/০৭/২০২৫ ১৩:১০:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্রাজেডিতে সারাদেশে এখনও চলছে শোকের মাতম। স্বজন হারাদের কান্নার রোল এখনও কাঁপিয়ে তোলছে সকল মানুষকে। এরই মধ্যে ধারাবাহিক জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিলেটে শুক্রবার সমাবেশ আহবান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই রাজনৈতিক দলটির পদযাত্রা কর্মসূচীকে কেন্দ্র করে সিলেটে আবার নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই পদযাত্রা কর্মসূচীকে ভালোভাবে দেখছে না সিলেটের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে সিলেটের শান্তিপ্রিয় মানুষও বলছে, যেখানে মাইলস্টোন ট্রাজেডির ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে সকল হৃদয়, এমন অবস্থায় এখানে কোনো রাজনৈতিক কর্মসূচী সুখকর নয় বরং এতে করে সিলেটের শান্তিপ্রিয় পরিস্থিতিকে আরো ঘোলাটে করতে পারে। 


পদযাত্রা কর্মসূচী নিয়ে কথা হয় সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে। ক্ষোভের সাথে অনেকেই জানিয়েছেন, সরকার এখনও শিক্ষার্থীদের দাবি মেনে নেয় নি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) সিলেটে সকল শিক্ষার্থীদের বিক্ষুভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে সরকার এখনও বিমান দুর্ঘটনা পরবর্তী মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নিহতের মোট সংখ্যা জানাতে গরিমসি করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের অনল জ্বলছে। তাছাড়া হতাহতেরও নেই কোন সঠিক সংখ্যা। তাছাড়া আহতদের চিকিৎসার ব্যাপারে বিদেশ থেকে হাই প্রোফাইল চিকিৎসক আনার কথা বলেও সময় ক্ষেপন করছে সরকার। অথচ, আগুনে দগ্ধ আহতরা প্রতি মুহুর্ত অসহনীয় যন্ত্রণায় লড়ছে মৃত্যুর সাথে। 


এদিকে সিলেটে জুলাই পদযাত্রাকে সামনে রেখে মঙ্গলবার (২২ জুলাই) সিলেটে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনিসিপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল ৫টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে । 


সমাবেশে উপস্থিত থাকবেন, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও পদযাত্রায় অংশ নেবেন।


সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংগঠনের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ বলেন, গোপালগঞ্জ কিংবা কক্সবাজারের মতো ঘটনা সিলেটে ঘটার কোন সুযোগ নেই। কারণ সিলেটে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এক জোট হয়ে কাজ করছে। সুতরাং এনসিপির সমাবেশ নিয়ে আতঙ্কের কিংবা শঙ্কার কিছু নেই।


এদিকে সমাবেশ নিয়ে মন্তব্য জানতে চাইলে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মনিষা ওয়াহিদ বলেন, মাইলস্টোন ট্রাজেডি নি:সন্দেহে সারাদেশে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে সরকারের পৃষ্টপোষকতায় হৃষ্টপুষ্ট নব্য গড়ে উঠা রাজনৈতিক সংগঠন এনসিপির ভুমিকা প্রশ্নবিদ্ধ। এইসব সুবিধাভোগী শ্রেণীর রাজনীতিবিদদের হাতে দেশের গনতন্ত্র কখনো শক্তিশালী হতে পারে না। সমাবেশ নিয়ে তিনি বলেন, সিলেট পদযাত্রার বিষয়টি তাদের দলীয় সিদ্বান্ত। কে কোন পরিস্থিতিতে কোন কর্মসূচী পালন করবে, সেটি তাদের দলীয় রুচির বিষয়। এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই। 


গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি সভাপতি তানজিনা বেগম বলেন, এনসিপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিলেটে পদযাত্রা করতেই পারে৷কিন্তু একটি রাজনৈতিক দলের জনসংযোগধর্মী কর্মসূচিতে জনগণের স্বার্থ প্রধান হওয়া উচিত ৷জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্খা ছিলো মৌলিক মানবিক অধিকার সমৃদ্ধ নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু গত একবছর দেশের জনগণ কি সেটা পেয়েছে? এনসিপি কি জনগণের জ্বলন্ত সংকট নিয়ে ধারাবাহিক আন্দোলন করেছে? নাকি কিংস পার্টির ভূমিকা পালন করেছে? তাহলে জুলাই ঘোষণাপত্রের জন্য পদযাত্রা করে তারা গণআকাঙ্খা কিভাবে তুলে ধরবে? জুলাই সনদেও কি দেশের শ্রমিক, কৃষক, নারীর জন্য মৌলিক কোন সংস্কার আসছে? ফলে এসব কাগুজে কর্মসূচি এমন একটা সময় হচ্ছে যখন গোটা দেশের মানুষ শোকে স্তব্ধ। শিশুদের মাংস পোড়া আগুন নেভার আগেই এনসিপির পদযাত্রার নামে নির্বাচনী প্রস্তুতি সিলেটের জনগণের জন্য দৃষ্টিকটু বিষয় বলে মনে করি৷


গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের সহযোগী অধ্যাপক,কবি ও সংগঠক জান্নাত আরা খান পান্না বলেন,মাইলস্টোন ট্রাজেডির পর কলেজে যেতে পারছিনা। হৃদয় থেকে এখনও কম্পন থেমে যায় নি। সারাদেশ শোকে বিহবল। মঙ্গলবার সারাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মোট কথা দেশ এখন অন্যরকম অবস্থায়। এ অবস্থায় এনসিপি তাদের কর্মসূচীও শিথিল করতে পারতো। কিন্তু তা না করে এই সমাবেশ মূলত সকলের আবেগকে চটেপাঘাত করার শামিল। তবুও প্রত্যাশা করি, সিলেটে যেন কোন ধরণের উস্কানীমূলক কর্মকাণ্ড বা অপ্রীতিকর কোন কিছু না ঘটে।


এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। তবুও রাজনীতি থেমে থাকার কথা না। কোন দল যে কোন স্থানে সভা-সমাবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সিলেটে এনসিপির সমাবেশের ব্যাপারে এখনও কোন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ দেখছি না।   

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad