দেশজুড়ে র্যাবের অভিযান
১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ ও জরিমানা
সারাদেশে ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ ও অবৈধ মজুত মোকাবিলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বড় ধরনের অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতগুলো অবৈধ মজুতের সঙ্গে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সরবরাহ স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে সৃষ্ট কৃত্রিম ঘাটতি রোধ করার লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য ভোজ্য তেলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে এবং মূল্য কারসাজি রুখতে আগামীতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক হবে এবং অসাধু ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: