অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের দায়ে ২ লাখ টাকা জরিমানা
ফেনীতে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ‘কবির এন্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) র্যাব-৭ এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ সাঁড়াশি অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানার টাকা বিধি মোতাবেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে শহরের তাকিয়া রোড এলাকায় ‘মেসার্স হাজী নূর আহমেদ এন্ড সন্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফিন, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রহমান এবং কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক হারুনুর রশিদ। অভিযানে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি ও র্যাব সদস্যরাও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বড় বড় পাইকারি ও খুচরা বাজারে তদারকি আরও জোরদার করা হয়েছে। সাধারণ ক্রেতারা প্রশাসনের এই তদারকিকে স্বাগত জানিয়েছেন এবং বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের দাবি তুলেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুত থেকে বিরত রাখবে। সরাসরি বাজার তদারকির ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ রহমান
মন্তব্য করুন: