গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণার হুঁশিয়ারি এনসিপির
সংস্কার প্রশ্নে জাতীয় নির্বাচনের দিনে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান বিএনপি সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করে রাজপথে আন্দোলনে নামার কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঘোষণা দেন। বিএনপি সরকারের পক্ষ থেকে গণভোটের রায় উপেক্ষা এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন জরুরি অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠছে এবং জনগণের ‘হ্যাঁ’ ভোটের রায়কে সম্মান না জানালে এই সরকারকে আর বৈধ হিসেবে গণ্য করা হবে না। তিনি সতর্ক করে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা করা না গেলে ২০২৬ বা ২০২৭ সালে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার সংবিধান লঙ্ঘনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে ‘প্রশাসক’ নিয়োগের সংস্কৃতি চালু রাখছে এবং ১৮-১৯টি এজেন্সিকে পুনরায় মানুষের ফোনে আড়ি পাতার অবাধ ক্ষমতা ফিরিয়ে দিয়ে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে।
আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের আমলের গণভোট ছিল রাজনৈতিক স্বার্থে, কিন্তু এবারের গণভোট হয়েছে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে যা বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব।
সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার কমিটির সদস্য জাবেদ রাসেল ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: