সৌদি আরবে ঈদ শুক্রবার: ৩০ রোজা পূর্ণ করে শাওয়াল শুরু
সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির আকাশসীমার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি চাঁদ দেখা কমিটি।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় বৈঠকে বসে চাঁদ দেখার বিষয়টি যাচাই করে কমিটি নিশ্চিত করেছে যে আজ চাঁদ দেখা যায়নি; ফলে এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। এর আগে দেশটির তুমাইর, সুদাইর ও আল-হারিকসহ বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছিল, আকাশ মেঘলা থাকায় খালি চোখে চাঁদ দেখা চ্যালেঞ্জিং হতে পারে। এমনকি দাম্মাম পর্যবেক্ষণ কেন্দ্র থেকেও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে চাঁদ শনাক্ত করা সম্ভব হয়নি।
ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাস শুরুর ঐতিহ্য বজায় রেখে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকেই শুরু হয়েছে, যা টানা চার দিন পর্যন্ত চলবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, জরুরি সেবা খাত সচল রেখে কর্মীদের ছুটির সময়সূচি নিশ্চিত করতেই এই আগাম ঘোষণা দেওয়া হয়েছিল। শুক্রবার ঈদের দিন নির্ধারিত হওয়ায় এখন সৌদি আরবজুড়ে উৎসবের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র : গালফ নিউজ
এ রহমান
মন্তব্য করুন: