উইমেন চেম্বারের ভোটারদের তালিকা প্রকাশ আজ
Led Bottom Ad

৩০ আগষ্ট নির্বাচন, বাড়ছে বিশ্বাস-অবিশ্বাস

উইমেন চেম্বারের ভোটারদের তালিকা প্রকাশ আজ

আশিস রহমান,নিজস্ব প্রতিবেদক

১৭/০৭/২০২৫ ১০:৫৫:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে ভোটারদের চূড়ান্ত তালিকা আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশ করা হবে। আগামী ৩০ আগষ্ট অনুষ্ঠিত হবে সিলেটে নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক ঘোষিত তপসিল অনুযায়ী প্রকাশিত ভোটার তালিকা (যদি আপত্তি থাকে) আপিল শুনানী শেষে আজ ১৭ জুলাই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই সাথে মনোনয়ন পত্র দাখিল কার্যক্রম শুরু হবে আজ থেকে। মনোনয়ন ফরম সংগ্রহ করার শেষ দিন ২৪ জুলাই পর্যন্ত ধার্য করা হয়েছে। 


এদিকে নির্বাচনকে সামনে রেখে সিলেট উইমেন চেম্বারে সদস্যদের মধ্যে বিশ্বাস-অবিশ্বাস দানা বেঁধে উঠেছে। একটি পক্ষের অভিযোগ-চেম্বার প্রশাসক এক অদৃশ্য শক্তির কাছে জিম্মি রয়েছেন। ফলে নির্বাচন হবে একটি পাতানো ফাঁদের মতো। অন্য একটি পক্ষ বলছে-যাদের প্রতি ভোটারদের আস্থা নেই, তারাই এইসব বলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তৃতীয় আরেকটি পক্ষ বলছে-৩০ আগষ্টের নির্বাচন নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। কারণ, শুরু থেকেই চেম্বারের প্রশাসক ও নির্বাচন পরিচালনা বোর্ডের প্রতি অনাস্থা প্রকাশ করে আমাদের অবস্থান পরিস্কার করেছি। কারণ কোন অপশক্তির কাছে নিজেদের মাথা বিকিয়ে দিতে আমরা নারাজ। 


মোট কথা নির্বাচনের প্রায় দেড় মাস সময় হাতে থাকার আগেই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা সমালোচনা। ভোটারদের তথ্য অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে এখন চারটি গ্রুপে বিভক্ত সিলেট উইমেন চেম্বার। নির্বাচন প্যানেল ভিত্তিক হওয়ার সম্ভাবনা দেখছেন এক তৃতীয়াংশ ভোটার। প্যানেল চারটির মধ্যে তিনটি সক্রিয় থাকলেও অন্য প্যানেলটি নিয়ে এখনও কিছু বলা যাচ্ছেনা। তাদের ধারণা, ওই প্যানেল নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে পারে। 


প্যানেল চারটির একটি রয়েছেন সিলেটের সাবেক ফাস্ট লেডি ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হকও। এই প্যানেলের অপরজন হলেন সামিয়া বেগম চৌধুরী। ভোটারদের তথ্য অনুযায়ী আরেকটি প্যানেলে থাকবেন  তানজিনা মোমিন আহমেদ ও ফাহিমা আহাদ কুমকুম ।

আরও একটি প্যানেল অর্থাৎ তৃতীয় প্যানেলটি এখনও দৃশ্যমান না হলেও যথাসময়ে তাদের অবস্থান স্পষ্ট করবে। তাছাড়া অন্য একটি পক্ষে রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুবানা ইয়াসমীনের নের্তৃত্বে উল্লেখযোগ্য কিছু ভোটার। তবে লুবানা প্যানেল নির্বাচনে অংশগ্রহণ না করার সম্ভবনাও রয়েছে বলে মন্তব্য ভোটারদের। 


তবে এ ব্যাপারে মুখ খোলতে রাজি হন নি ভোটাররা। তাদের দাবি- পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর এবং নির্বাচন ঘনিয়ে আসার পর নাম প্রকাশ করতে আমাদের আপত্তি নেই। তবে অধিকাংশ ভোটার চান-উইমেন চেম্বার যেন রাজনৈতিক চেম্বার না হয়। সিলেটে নারী ব্যবসায়ীদের অগ্রযাত্রার পথে এই সংগঠনের কার্যক্রম হাজারো নারী উদ্যেক্তাকে যেন পথ দেখাতে পারে। 


এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি ভোটারদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। তবে প্রকাশিত এই তালিকার প্রতি আপত্তি জানিয়েছে চেম্বার সদস্যদের একটি অংশ। সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ভোটার সদস্যদের বেশ কয়েকজন সদস্য রয়েছে, যারা ভুয়া এবং যাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। অভিযোগে কয়েকজন সদস্যের নাম উল্লেখ করে বলা হয়, শুধু মাত্র হীন উদ্দেশ্যে একটি অদৃশ্য ইঙ্গিতে প্রকাশিত তালিকায় কিছু ভুয়া ভোটার তালিকাভুক্ত করা হয়েছে-যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং উইমেন চেম্বারের ঐতিহ্যে কালিমা লেপন করা হবে। 


১৩ জুলাই দাখিলকৃত আবেদনে সাক্ষর করে চেম্বারের ১৩ জন দায়িত্বশীল সদস্য। অভিযোগ পত্রে যাদের ভুয়া ভোটার বলে উল্লেখ করা হয়েছে, তারা হলেন, কানিজ আক্তার, ডালিয়া হক লাবরি, রুজিনা আক্তার, আমাতা মাসুমা, রুজিনা ফেরদৌস, সারমিন নাহার চৌধুরী, রাহিমা ইয়াসমীন রীপা, শিপু বেগম,উম্মে হাবিবা, আলিয়া ফেরদৌস তুলি, সামিয়া চৌধুরী,জাকিয়া ফাতেমা লিমি চৌধুরী, সারমিন ফাতেমা ও জাহানারা ইয়াসমীনসহ মোট ১৪ জন। আজ ১৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। 


লিখিত আবেদনে সাক্ষর করেন তানজিনা মোমিন আহমেদ,ফাহিমা আহাদ কুমকুম,তাহমিনা আহমদ রোজী, ওয়াহিদা আখলাকসহ আরও ০৯ জন সদস্য। 


লিখিত আবেদন বিষয়ে জানতে চাইলে অভিযোগ কারীদের অন্যতম তানজিনা মোমিন আহমেদ জানান, তালিকা দেখে দেখে প্রতিটি  ভোটারের সাথে যোগাযোগ করেছি, যারা নিজেরাই ভোটার হওয়ার ব্যাপারে অবগত নন এমন কি তাদের নেই কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘আমরা চাই নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হবে সিলেট উইমেন চেম্বার। কারো অসৎ উদ্দেশ্য হাসিল করার কোনো সুযোগ থোকবে না। না হলে সিলেটে মহিলাদের শক্তিশালী একটি ব্যবসায়ী সংগঠন মুখ থুবরে পড়তে পারে।’ তিনি বলেন, এমনও হয়েছে. ভোটার তালিকায় প্রকাশিত মেবাইল নাম্বার ভোটারের স্বামীর। তিনি স্ত্রীর সদস্য হওয়ার বিষয়টিও জানেন না।


এদিকে প্রকাশিত ভোটার তালিকা নিয়ে মন্তব্য জানতে চাইলে সিলেট উইমেন চেম্বারের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা বলেন,শুরু থেকেই প্রশাসক এবং নির্বাচন পরিচালনা বোর্ডের কার্যক্রম আমাদের আশাহত করেছে। সুতরাং পাতানো ফাঁদের এই  প্রহসনের নির্বাচনে অংশ নিয়ে খেলার পুতুল হতে চাই না। 


উল্লেখ্য সিলেট উইমেন চেম্বারের ঘোষিত তফসিল অনুযায়ী দুই বছর মেয়াদী (২০২৫-২০২৭) ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে ৩০ আগষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্টুভাবে সম্পন্নের লক্ষ্যে ১০ জুলাই বৃহস্পতিবার ভোটার তালিকা প্রকাশ, প্রাথমিক ভোটার তালিকার বিষয়ে বোর্ডের কাছে আপত্তি দাখিল ১১ থেকে ১৩ জুলাই, আপিলের শুনানী ১৪ থেকে ১৬ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ জুলাই, মনোনয়নপত্র দাখিল ১৭ থেকে ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৭ জুলাই,বৈধ মনোনীত প্রার্থীগণের তালিকা প্রকাশ ৩১ জুলাই,প্রার্থী বাতিল বিষয়ে বোর্ডের কাছে আপত্তি ১ থেকে ৩ আগষ্ট, শুনানী গ্রহণ ও নিস্পত্তি ৪ থেকে ৬ আগষ্ট এবং বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৭ আগষ্ট। প্রার্থীতা প্রত্যাহার ৮ থেকে ১০ আগষ্ট, প্রত্যাহার পরবর্তী মোট চূড়ান্ত প্রার্থী তালিকা ১০ আগষ্ট প্রকাশ করা হবে। ৩০ আগষ্ট সকাল ৯ টা থেকে ৩ পর্যন্ত চলবে ভোট গ্রহণ।  


সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো.আল জুনায়েদ, বোর্ড সদস্য হিসেবে রয়েছেন,জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ,সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রেজা ই রাব্বী।  এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখে সিউচেক ইন্ডা ২০২৫.৯০(১০)স্বারকমূলে নির্বাচন বোর্ড গঠন করা হয়। 

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad