দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Led Bottom Ad

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ডেস্ক

১৭/০৩/২০২৬ ০৪:৫১:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী বিশালাকার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে তিনি এই ঐতিহাসিক কর্মসূচির সূচনা করেন।

সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষক ও কৃষাণী ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ’—এই মূলমন্ত্র নিয়ে বিএনপি জনগণের সরকার পরিচালনা করছে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই তার রাজনীতি। সাহাপাড়া খাল খনন প্রকল্পের আওতায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং ১ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে, যা স্থানীয় কৃষি উৎপাদন প্রায় ৬০ হাজার মেট্রিক টন পর্যন্ত বৃদ্ধি করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত খাতগুলো পুনর্গঠনে সময়ের প্রয়োজন এবং সরকার দেশবাসীকে ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানায়। উত্তরাঞ্চলের অর্থনীতিকে চাঙা করতে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের পরপরই ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠক করে কৃষি-মিল ও কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জনকল্যাণমূলক রাজনীতির ধারাবাহিকতায় তিনি ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং দেশের চার কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর ঘোষণা দেন।

সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তার নানা, নানি ও খালাসহ আত্মীয়দের কবর জিয়ারত করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad