জবির নতুন উপাচার্য হলেন সিলেটের সন্তান ড.রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেন।
ড. মো. রইছ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। এর আগে তিনি একই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকতা জীবনে তিনি একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশ নিয়েছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তাঁর গবেষণা ও লেখালেখি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কমিটি ও প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জানা গেছে, বিগত সরকারের সময় তিনি বিশ্ববিদ্যালয়ে একাধিকবার নানা ধরনের নিপীড়নের শিকার হন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি অংশ নেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মুখসারিতে নেতৃত্ব দেন। শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট নানা আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও তিনি জনপ্রিয়।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তিনি আমাকে যে সম্মান দিয়েছেন, সে জন্য আমি তাঁর কাছে শুকরিয়া আদায় করি। এটি নিয়ে গর্ব করার কিছু নেই; বরং এটি আমার জন্য বড় দায়িত্ব। আমার বর্তমান পরিচয়ের আগে আমি অধ্যাপক ড. রইছ হিসেবেই পরিচিত থাকতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তাহির আহমদ
মন্তব্য করুন: