জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান
সরকার গঠনের পর জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘ইউটার্ন’ নিয়েছে
সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার গঠনের পর বিএনপি তাদের অবস্থান পরিবর্তন বা ‘ইউটার্ন’ নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান। শনিবার (১৪ মার্চ) দুপুরে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি অভিযোগ করেন যে, নির্বাচনী জনসভায় বিএনপি গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেও এখন পর্যন্ত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি।
হামিদুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ যেখানে গণভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, সেখানে জুলাই সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ করা প্রকারান্তরে জনগণের আকাঙ্ক্ষাকেই অপমান করার শামিল।
বৈঠকে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও জানান, সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কারের দাবির পরও এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা জুলাই সনদের স্পষ্ট লঙ্ঘন। সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির মাধ্যমে দ্রুত এই অধিবেশন ডাকার আইনি বাধ্যবাধকতা থাকলেও সরকার ও বিরোধী দল উভয়ের পক্ষ থেকেই রহস্যজনক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে জামায়াত নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার পদক্ষেপ না নেয়, তবে বিরোধী দলগুলো রাজপথে নামতে বাধ্য হবে। আগামী ২৮ মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়ে পরবর্তী কঠোর কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হতে পারে বলে তিনি জানান।
এ রহমান
মন্তব্য করুন: