সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
‘বিগত ১৫ বছর সংসদকে অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল’
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত দেড় দশকের রাজনৈতিক প্রেক্ষাপট ও সংসদের মর্যাদা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত পনেরো বছরেরও বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই দীর্ঘ সময়ে সংসদকে সাধারণ মানুষের অধিকার লুণ্ঠনকারীদের এক বিশেষ ‘ক্লাবে’ পরিণত করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত দেড় দশকে যারা নিজেদের এমপি পরিচয় দিতেন, তারা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, বরং তারা ছিলেন ক্ষমতার অপব্যবহারকারী।
বর্তমান সংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি আজ সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের সংসদের মর্যাদা পেয়েছে। স্পিকারকে পুরো সংসদের অভিভাবক হিসেবে সম্বোধন করে তিনি বলেন, আজকের পর থেকে স্পিকার আর কোনো বিশেষ দলের নন, বরং তিনি পুরো সংসদের অভিভাবক।
গঠনমূলক আলোচনার মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, “আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করতে চাই না, বরং সুনির্দিষ্ট যুক্তি ও বিতর্কের মাধ্যমে এই সংসদকে অর্থবহ করে তুলতে চাই।”
সংসদ পরিচালনার ক্ষেত্রে স্পিকারকে সরকার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষে তিনি নতুন স্পিকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর দরবারে সংসদের সফলতা কামনা করেন এবং ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে ভাষণ শেষ করেন।
এ রহমান
মন্তব্য করুন: