মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি: নাকচ করল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা আরব সাগরে মোতায়েনকৃত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আলজাজিরার বরাতে জানা যায়, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা রণতরীটিকে লক্ষ্য করে চারটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং একই সাথে সতর্কবার্তা দিয়েছে যে, স্থল ও সমুদ্র হবে আগ্রাসীদের জন্য ‘কবরস্থান’। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে একজন মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত করতে পারেনি এবং এর ফলে রণতরীর কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রণতরীটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং তা তার নিয়মিত কার্যক্রম অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে অবস্থান করা এই রণতরীকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক উত্তপ্ত বাক্যবিনিময় এখন চরম পর্যায়ে পৌঁছেছে, যা সমগ্র মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
সূত্র : আলজাজিরা
এ রহমান
মন্তব্য করুন: