সিলেট নগরীতে ড্রেনে লুকিয়েও পার পেল না ৭ ছিনতাইকারী
Led Bottom Ad

সিলেট নগরীতে ড্রেনে লুকিয়েও পার পেল না ৭ ছিনতাইকারী

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৩/২০২৬ ২১:০৯:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে পুলিশের চোখ ফাঁকি দিতে ড্রেনের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নি সাত ছিনতাইকারীর। রোববার (১ মার্চ) ভোররাতে নগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের গতিরোধ করে ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রের সদস্যরা ধোপাদিঘিরপাড় এলাকায় অবস্থান করছে।


অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পাশের ‘হোটেল মেট্রো ইন’-এর সামনে একটি বড় ড্রেনের ভেতরে নেমে লুকিয়ে পড়েন। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি-এর ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা এলাকা ঘিরে ফেলেন। পরে টর্চলাইটের সাহায্যে ড্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে একে একে সাতজনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—ইমন আহমদ (১৭), ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)। তাঁদের বাড়ি মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায়।


কোতোয়ালি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, নগরীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad