সিলেটে বাণিজ্য বৃদ্ধিতে ভারতীয় সহকারী হাই-কমিশনারের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গে। শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়-সিলেট সীমান্তের স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং ব্যবসায়িক বাধা দূরীকরণ,বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্র শিল্পে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি,কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনা ও সিলেটের শিল্পনগরীতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ উৎসাহিত করার বিষয়টি।
সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বাণিজ্য ও শিল্প খাতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উভয় দেশ নিরলস কাজ করছে। সিলেটের অর্থনৈতিক উন্নয়নে এই আলোচনা ইতিবাচক ভূমিকা রাখবে।”
অপরদিকে, ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, “দুই দেশের অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় করার আমাদের প্রতিশ্রুতি রয়েছে। সিলেটের সার্বিক উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে।”
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
ডি আর ডি
মন্তব্য করুন: