আজ শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা
দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
আজ সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ রুমে ২৯৬ জন এমপিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সাংবিধানিক নিয়ম অনুযায়ী সিইসি এই দায়িত্ব পালন করেন। আজ বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
দলীয় সূত্রমতে, প্রাথমিকভাবে মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে সর্বোচ্চ ৩০ জন সদস্য থাকতে পারেন। গুঞ্জন রয়েছে যে, জোটের শরিক দলের তিন শীর্ষ নেতা—ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (বিজেপি), জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) এবং নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ) মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন। এছাড়া সংসদ উপনেতা হিসেবে সালাহউদ্দিন আহমেদের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন এবং আজ ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন।
নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াত জোট বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। তারা আজ তাদের সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করবেন।
উল্লেখ্য: চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আইনি জটিলতার কারণে গেজেটভুক্ত হয়নি এবং শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: