বড়লেখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
Led Bottom Ad

বসতবাড়ি ভস্মীভূত, পুড়েছে প্রাইভেট কার

বড়লেখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৭/০১/২০২৬ ২০:৩৯:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বিধবা নারীর বসতবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। একই ঘটনায় প্রতিবেশীর একটি প্রাইভেট কার ও একটি খড়ের ঘরও ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, যা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের ইছরাক আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিধবা নারী হলেন রিতা বেগম।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় রিতা বেগমের বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। হঠাৎ করে বসতঘরের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে মুহূর্তের মধ্যেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশেই থাকা একটি খড়ের ঘর এবং প্রতিবেশী ফয়ছল আহমদের একটি প্রাইভেট কার আগুনে ভস্মীভূত হয়।

খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের অন্যান্য বসতঘর রক্ষা পায়।

বড়লেখা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এমামুল হক সুমন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি বসতঘর, একটি খড়ের ঘর ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের আকস্মিকতায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad