‘বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়ার নানা চক্রান্ত চলছে’
Led Bottom Ad

মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের

‘বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়ার নানা চক্রান্ত চলছে’

ঢাকা অফিস

০৫/০১/২০২৬ ১৯:৫৪:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশকে আবার পেছনে টেনে নেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এখনো অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশকে আবার পেছনে টেনে নেওয়ার নানা চেষ্টা চলছে। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে আবার গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের নেত্রীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”

খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, “গণতন্ত্রে বিশ্বাসীদের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আইকন। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি কোনো সংগঠিত সমাবেশ ছিল না, ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রচণ্ড শীত উপেক্ষা করে মানুষ এসেছিল, কেঁদেছিল। আজও তার কবর জিয়ারতে হাজার হাজার মানুষ দোয়া করতে আসে। কারণ সাধারণ মানুষ তার মধ্যে নিজেদের ভবিষ্যৎ ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিল।”

বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “তিনি গণতন্ত্রের জন্য কষ্ট করেছেন, জেল খেটেছেন। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে যখন তিনি জেলে যান, তখন সুস্থ ছিলেন। কিন্তু দুই বছর পর জেল থেকে বেরিয়ে আসেন হুইলচেয়ারে। একটি পরিত্যক্ত কক্ষে তাকে বিনা চিকিৎসায় রাখা হয়েছিল। সেই অসুস্থতাই আজ তাকে এই পরিণতির দিকে নিয়ে গেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, আইসিসিবির সহসভাপতি নাসের এজাজ বিজয়, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad