সিলেটে ইয়ং প্যাগাসাসকে হারিয়ে মোহামেডানের বিশাল জয়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পেনহিল লজিস্টিকসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে দাপুটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার সিলেট জেলা স্টেডিয়ামে লিগের দ্বিতীয় ম্যাচে তারা ইয়ং প্যাগাসাস ক্লাবকে ১৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে।
টসে জিতে ইয়ং প্যাগাসাসের অধিনায়ক মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৭ রানের বড় সংগ্রহ গড়ে। দলের পক্ষে ওপেনার দিশান ৯৭ বলে ৮৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও তার ব্যাটিং মোহামেডানের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
এছাড়া আছাদ ২৫ বলে ৩৫, অমিত ৩৫ বলে ৩৩ এবং শেষ দিকে শাহান ১৪ বলে ২৫ রানের কার্যকর ইনিংস খেলেন।
ইয়ং প্যাগাসাসের পক্ষে বোলার দিপন ৯ ওভারে ৫৬ রান দিয়ে ২টি উইকেট নেন। নাহিম, ইমন, সিংকু, তামিম, রাহিম ও জাফরুল প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের বোলার আতিকের বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইয়ং প্যাগাসাস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ৪০ ওভারে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে দিপন ৬২ বলে ২৫ ও বিনয় ৫৪ বলে ২০ রান করেন।
মোহামেডানের আতিক ছিলেন ম্যাচের অন্যতম নায়ক। তিনি ১০ ওভার বল করে ৫টি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। শাহান নেন ২টি উইকেট।
ম্যাচ শেষে অসাধারণ ব্যাটিংয়ের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের দিশানকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণ করেন এমেরাল্ড ঢাকা’র স্বত্বাধিকারী গোলাম রব্বানী চৌধুরী সুমন। ম্যাচ পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রবিন চৌধুরী ও জাকির আলম।
এর আগে ম্যাচ শুরুর আগে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাফুফের সাবেক কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক হেলাল উদ্দিন আহমদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে, প্রথম বিভাগ ক্রিকেট লিগ কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার খন্দকার রাজিন সালেহ আলম এবং সম্পাদক কবির আহমদ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: