দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
এর আগে, গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হয়েছে।
এদিকে, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার অবসরে গেছেন। এদিন তার চাকরির বয়সসীমা ৬৭ বছর পূর্ণ হয়।
নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি লাভ করেন।
শিক্ষাজীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
এ রহমান
মন্তব্য করুন: