বাসভবন ও অফিস প্রস্তুত
১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে বাসভবন, দপ্তর ও নিরাপত্তাসহ সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তিনি।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন। ওই বাসার পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় বর্তমানে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মা ও ছেলের পাশাপাশি অবস্থানকে কেন্দ্র করে গুলশান এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একইসঙ্গে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের জন্য একটি আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য পৃথক চেম্বার তৈরি করা হয়েছে, যেখানে দলীয় সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।
দলীয় সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের লক্ষ্যে গুলশান এলাকায় আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে। ওই বাসা থেকেই নির্বাচনী কৌশল, সাংগঠনিক তৎপরতা এবং জোটভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা মনে করছেন, তার প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নির্বাচনী মাঠে দল নতুন করে শক্ত অবস্থান নিতে পারবে।
এ রহমান
মন্তব্য করুন: