সংবাদ সম্মেলনে ডাঃ জাহিদ হোসেন
খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা মেডিকেল বোর্ডের পরামর্শে আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিদেশে নেওয়ার সব প্রস্তুতি নিচ্ছিলাম। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি—এটা যেমন সত্য, তেমনি বোর্ড মনে করেছে এই মুহূর্তে তাঁর ফ্লাই করা উপযুক্ত হবে না। সে কারণে বিদেশ যাত্রায় কিছুটা বিলম্ব হচ্ছে।”
তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণ করবে। “মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত রয়েছে,” যোগ করেন জাহিদ হোসেন।
চিকিৎসার পুরো প্রক্রিয়া তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সমন্বয় করছেন ডা. জুবায়দা রহমান। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গুজব রটানো হচ্ছে। দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এর আগেও তিনি প্রতিকূল পরিস্থিতি থেকে সুস্থ হয়ে উঠেছেন। মেডিকেল বোর্ডও আশাবাদী যে তিনি এবারও সুস্থ হবেন।”
এ রহমান
মন্তব্য করুন: