১৭ ডিসেম্বর ভোটের তারিখ ঘোষণা
২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন
দীর্ঘ ২৮ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী এ তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
উপাচার্য বলেন, “নির্বাচন কমিশন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।”
এর আগে বৃহস্পতিবার শাকসু নির্বাচনের তফসিল ঘোষণার নির্ধারিত সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নেমে আসেন। সন্ধ্যা থেকেই তারা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এবং উপাচার্যের বাসভবনের সামনে অবরোধ কর্মসূচি চালিয়ে যান। রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান ঘটনাস্থলে গিয়ে নির্বাচন বিষয়ে আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। অবশেষে রাত ১টার দিকে উপাচার্য ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে আগামী মাসের ১০ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে ১৭ ডিসেম্বরের ভোটের তারিখ ঘোষণা করা হয়।
১৯৯৮ সালের পর শাবিপ্রবিতে আর কোনো শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিনের দাবি ও নানা আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে এ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে শাকসুর গঠনতন্ত্র, নির্বাচন কমিশন এবং বিশেষ ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ রহমান
মন্তব্য করুন: